সন্তানদের গড়ে তুলতে মায়েদের ভূমিকা আপসহীন : মির্জা ফখরুল

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ণ
সন্তানদের গড়ে তুলতে মায়েদের ভূমিকা আপসহীন : মির্জা ফখরুল

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মায়ের প্রতি গভীর শ্রদ্ধা, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার (১০ মে) এক বাণীতে তিনি বিশ্বের সকল মায়ের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

মির্জা ফখরুল তাঁর বাণীতে বলেন, "সন্তানের সাফল্যের পেছনে মায়ের উদ্যম, ত্যাগ ও সংগ্রামের এক বিশাল ভূমিকা থাকে। সন্তানদের যোগ্য হিসেবে গড়ে তুলতে মায়েরা আজীবন আপসহীন ও সংগ্রামী ভূমিকা পালন করেন।" তিনি পরিবারকে একটি অপরিহার্য প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, মায়ের আদর্শ ও শিক্ষাতেই একটি শিশুর ভবিষ্যৎ গড়ে ওঠে এবং মানবিক গুণাবলির বিকাশ ঘটে।

বিএনপি মহাসচিব তাঁর বাণীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন। তিনি বলেন, নারী সমাজের অগ্রগতিতে বেগম জিয়ার ভূমিকা কিংবদন্তিতুল্য এবং বিশ্বজুড়ে প্রশংসিত। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁর অটল অবস্থানের কারণে তিনি জাতীয় ও আন্তর্জাতিকভাবে ‘গণতন্ত্রের মা’ হিসেবে স্বীকৃত ও শ্রদ্ধেয় হয়ে আছেন।

মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য মা দিবসের আলাদা গুরুত্ব রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল দেশবাসীকে মায়েরা যেন যথাযথ সম্মান ও মর্যাদা পান, সেদিকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি মনে করেন, সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়ের মর্যাদা সম্পর্কে সচেতন থাকা জরুরি।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন