নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার গ্রিনভ্যালি পার্কে ঘুরতে এসে দুই বিদেশি পর্যটক টিকটকারদের হেনস্তার শিকার হয়েছেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিক গ্রিনভ্যালি পার্কে প্রবেশ করলে সেখানে উপস্থিত একদল টিকটকার তাঁদের ঘিরে ধরে। ১০-১৫ জন টিকটকার তাঁদের লক্ষ্য করে অশোভন আচরণ ও আপত্তিকর ভাষা ব্যবহার করেন। ভিডিওতে বিদেশি পর্যটকদের চরম বিব্রত ও অস্বস্তিতে পড়তে দেখা যায়।
রোববার পুলিশ অভিযান চালিয়ে রাজশাহীর মোহনপুর এলাকার আমিনুল ইসলাম (২৯) ও তানোর এলাকার রাসেল ইসলামকে (২৩) আটক করে। লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, পার্ক কর্তৃপক্ষের দায়ের করা মামলায় সাইবার সুরক্ষা আইনে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রিনভ্যালি পার্কের পরিচালক এস এম শামসুজ্জোহা এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, ভবিষ্যতে বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পার্কের অভ্যন্তরীণ তদারকি আরও জোরদার করা হবে।
এ.আই.এল/সকালবেলা