তাহসিন মেহেরাব শাওন, ঈদগাঁও (কক্সবাজার): কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালীতে বলিখেলার আড়ালে প্রকাশ্য জুয়ার আসর বসার অভিযোগ উঠেছে। শত বছরের গ্রামীণ ঐতিহ্যকে ঢাল হিসেবে ব্যবহার করে এক শ্রেণির প্রভাবশালী মহল এই অবৈধ আয়োজন চালাচ্ছে বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
অভিযোগ রয়েছে, এই জুয়ার আসরটি তিন স্তরের বিশেষ নিরাপত্তা বলয়ে পরিচালিত হচ্ছে। যার নেপথ্যে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীরা জড়িত বলে দাবি করা হচ্ছে। বলিখেলার পরিচালক এহসান জানান, প্রশাসনিক অনুমতির মাধ্যমেই এই আয়োজন করা হয়েছে। জুয়ার কার্যক্রমটি কমিটির লোক, নামধারী কিছু সংবাদকর্মী ও রাজনৈতিক শক্তির ‘শেল্টারে’ পরিচালিত হচ্ছে।
জুয়ার আসর চলার খবর ছড়িয়ে পড়লে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে স্থানীয়দের দাবি, ওসি যখন মাঠে অবস্থান করছিলেন, তখনও প্যান্ডেলের ভেতরে জুয়া চলছিল। মুঠোফোনে ওসি জানান, তিনি শুধু বলিখেলার অনুমতি দিয়েছেন, জুয়ার নয়। যদি কেউ জুয়া খেলে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সচেতন মহলের মতে, ঐতিহ্যের নামে জুয়াকে প্রশ্রয় দিলে যুবসমাজ ধ্বংসের মুখে পড়বে। দ্রুত এই অপসংস্কৃতি বন্ধ করে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ.আই.এল/সকালবেলা