ফেনী সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কাবস্থা; টহল ও নজরদারি জোরদার

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ণ
ফেনী সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কাবস্থা; টহল ও নজরদারি জোরদার

নিজস্ব প্রতিবেদক: ভারতের সম্ভাব্য পুশইন, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান ঠেকাতে সীমান্তজুড়ে ব্যাপক নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফেনীর ১০২ কিলোমিটার সীমান্ত এলাকায় এরই মধ্যে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (১০ মে) চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ সীমান্তে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ৬২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ির একটি বিশাল চালান জব্দ করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।

ফেনী-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, বর্তমানে ভারতের নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অবৈধ অনুপ্রবেশ না ঘটে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে পুশইন, মাদক, গরু ও বিভিন্ন ভারতীয় পণ্যের চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারিও দ্বিগুণ করা হয়েছে।

সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দিন-রাত ২৪ ঘণ্টা টহল নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় বসবাসরত লোকজনকে সীমান্ত অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত নিকটস্থ ক্যাম্পে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

বিজিবি বলছে, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন