ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আগামী ৫ মার্চের মধ্যে নিবন্ধিত সকল হজযাত্রীর ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে ৩০টি বড় হজ এজেন্সিকে বিশেষ নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়। চিঠিতে হজযাত্রীদের দ্রুত স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ এবং কারিগরি গ্রুপিং সম্পন্ন করার জন্য তাগিদ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে এই ৩০টি এজেন্সির অধীনে মোট ৭ হাজার ৩৫৫ জন হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়া বাকি রয়েছে। তথ্য অনুযায়ী, এর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৩০৬ জন হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা বাকি রয়েছে 'বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেস'-এর এবং সর্বনিম্ন ১০ জন বাকি রয়েছে 'এহসান এয়ার ট্রাভেলস'-এর। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২০ মার্চের মধ্যে সকল ভিসা প্রক্রিয়া অবশ্যই শেষ করতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, ভিসা আবেদনের পূর্বশর্ত হিসেবে স্বাস্থ্য পরীক্ষা শেষে ফিটনেস সনদ সংগ্রহ এবং টিকা গ্রহণ বাধ্যতামূলক। সাধারণত ভিসা প্রক্রিয়াকরণের জন্য হজযাত্রীদের গ্রুপ তৈরি ও আনুষঙ্গিক কারিগরি কার্যক্রম সম্পন্ন করতে ৫ থেকে ১০ দিন সময় লাগে। তবে কোনো ধরনের কারিগরি জটিলতা দেখা দিলে এই সময় আরও দীর্ঘ হতে পারে। এছাড়া ২০ মার্চের কাছাকাছি সময়ে পবিত্র ঈদুল ফিতরের ছুটি থাকায় বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশের সংশ্লিষ্ট অফিসগুলো বন্ধ থাকবে। ফলে ভিসা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
ধর্ম মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, শেষ মুহূর্তের ভিড় এবং কারিগরি জটিলতা এড়াতে পর্যাপ্ত সময় হাতে রেখেই স্বাস্থ্য পরীক্ষা ও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট এজেন্সিকে জবাবদিহিতার আওতায় আনা হবে। হজের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে হজযাত্রীদের দ্রুত নিকটস্থ সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা প্রদানের কাজ শেষ করার আহ্বান জানানো হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ