রাজশাহীতে রাতে রিকশাচালকই যখন ছিনতাইকারী: সর্বস্ব হারালেন বিদেশগামী নারী

রাজশাহীতে রাতে রিকশাচালকই যখন ছিনতাইকারী: সর্বস্ব হারালেন বিদেশগামী নারী

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরীতে গভীর রাতে এক রিকশাচালকের হাতে ছিনতাইয়ের শিকার হয়েছেন বিদেশগামী এক নারী। সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে নগরীর চন্দ্রিমা ভদ্রা ফ্লাইওভারের নিচে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। রিকশাচালক চলন্ত অবস্থায় হঠাৎ রিকশা থামিয়ে ওই নারীর গলায় চাকু ধরে তার পাসপোর্ট, ভিসাসহ সর্বস্ব লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী নারীর নাম রিপা বেগম। তিনি জানান, সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে মেডিকেল সম্পন্ন করে পাসপোর্ট ও ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে রাতের বাসে রাজশাহী আসেন। রাত প্রায় তিনটার দিকে বাস থেকে নেমে রিকশাযোগে নিজ বাড়ি দায়রাপাড়ার উদ্দেশ্যে রওনা হন। পথে ভদ্রা ফ্লাইওভারের নিচে পৌঁছালে রিকশাচালক হঠাৎ চড়াও হয় এবং চাকু বের করে সব দিয়ে দেওয়ার হুমকি দেয়। প্রাণের ভয়ে রিপা বেগম তার কাছে থাকা নগদ টাকা, পাসপোর্ট, ভিসাসহ সব গুরুত্বপূর্ণ কাগজপত্র তুলে দেন। এরপর ছিনতাইকারী রিকশাচালক দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পরপরই রিপা বেগমের চিৎকারে টহলরত মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দ্রুত তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ছিনতাইকারীর ফেলে যাওয়া কাপড়ের ব্যাগটি উদ্ধার করতে সক্ষম হয়। তবে ব্যাগের ভেতর থাকা পাসপোর্ট, ভিসা ও নগদ টাকা পাওয়া যায়নি। এতে ওই নারীর বিদেশ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, "আমাদের টহল টিম পাশেই ছিল। রিকশাচালক নিজেই ছিনতাইকারী হবে, তা কেউ ধারণা করতে পারেনি। আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইকারী রিকশাচালককে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।"

এই ঘটনায় নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং গভীর রাতে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন