ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ করল হাইওয়ে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ করল হাইওয়ে পুলিশ

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে ১০৮ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে। সোমবার (২ মার্চ) ভোররাত ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন বিশ্বরোড এলাকা থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিমের নির্দেশনা ও খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এটিএসআই শহিদুল্লাহসহ পুলিশের একটি দল বিশ্বরোড এলাকায় বিশেষ চেকপোস্ট বসায়। এ সময় আশুগঞ্জগামী একটি সন্দেহভাজন মাইক্রোবাসকে (ঢাকা মেট্রো চ ১১-৫৮৩৮) থামার সংকেত দিলে চালক দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পুলিশ ধাওয়া করলে অজ্ঞাতনামা চালক মাইক্রোবাসটি ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১০৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে মাদক কারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উল্লেখ্য যে, খাঁটিহাতা হাইওয়ে থানা সৃষ্টির পর থেকে পরিচালিত মাদকবিরোধী অভিযানগুলোর মধ্যে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় চালান।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন