ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জহিরুল হক মিলন, ফেনী: ফেনীতে উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপী ক্বেরাত, আজান ও হামদ-নাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২ মার্চ) শহরের জেলা শিল্পকলা একাডেমিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্থানীয় দৈনিক ‘ফেনীর সময়’ চতুর্থবারের মতো এই আয়োজনটি সফলভাবে শেষ করে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক। দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও বাচিক শিল্পী আশ্রাফুল হক আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিয়া উদ্দিন আহমেদ মিষ্টার, জামায়াতে ইসলামীর জেলা আমির মুফতি আবদুল হান্নান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক নাজমুস সাকিব, জেলা তথ্য কর্মকর্তা এস এম আল আমিন এবং জেলা সাংস্কৃতিক কর্মকর্তা সুদীপ্তা চক্রবর্তী।
প্রতিযোগিতায় তিনটি গ্রুপে (ক, খ ও গ) জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং উন্মুক্ত বিভাগে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৪শ প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্য থেকে ৪৫ জন বিজয়ীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এর আগে রবিবার প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার এবং বাছাই পর্বে উত্তীর্ণ ১৪৫ জন প্রতিযোগীকে ইয়েস কার্ড প্রদান করেন শিক্ষাবিদ অধ্যাপক রফিক রহমান ভূঞা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনিরা হক বলেন, "শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত সহায়ক। নিয়মিত চর্চা ও অভিভাবকদের সহায়তায় তারা ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।" জিয়া উদ্দিন আহমেদ মিষ্টার বলেন, সুস্থ সংস্কৃতির বিকাশে এই আয়োজন শিশু-কিশোরদের অনুপ্রেরণা জোগাবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মুফতি আবদুল হান্নান।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ