ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে জমিতে সেচ দেওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে এই সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে চরাচিথুলিয়া গ্রামের মাঠে আব্দুর রহমানের সেচ স্কিম থেকে দানেজ সরকারের জমিতে পানি দেওয়া নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও পরে দেশীয় অস্ত্র নিয়ে বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ হাঁসুয়া, ফলা ও লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।
সংঘর্ষে আহতরা হলেন—স্কিম পরিচালক আব্দুর রহমান, আজমত সরকার, লুৎফর সরকার, আনিস সরকার, ইসমাইল সরকার, লিমন সরকার, রাজ্জাক সরকার, মঞ্জেলা খাতুন, রাজিয়া খাতুন, দানেজ সরকার, আল আমিন, সোহেল, আকরাম, শুকুর এবং হাফিজা খাতুন। আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্কিম পরিচালক আব্দুর রহমান দাবি করেন, দানেজ সরকারের জমিতে দুবার সেচ দেওয়া হলেও জমি চাষ না করায় পানি শুকিয়ে গেছে। নতুন করে চাষ না দিয়ে আবার পানি চাইলে নিষেধ করায় তারা পরিকল্পিতভাবে হামলা চালায়। অন্যদিকে দানেজ সরকারের অভিযোগ, সকাল থেকে সেচ চাইলেও রহমান তাকে অহেতুক বকাঝকা করেন। প্রতিবাদ করায় রহমানের লোকজন তার ও তার স্বজনদের ওপর হামলা চালায়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ