নারীর নামে হবে ‘ফ্যামিলি কার্ড’, বন্ধ হবে বিতরণ পর্যায়ের দুর্নীতি: প্রতিমন্ত্রী পুতুল

নারীর নামে হবে ‘ফ্যামিলি কার্ড’, বন্ধ হবে বিতরণ পর্যায়ের দুর্নীতি: প্রতিমন্ত্রী পুতুল

নিজস্ব প্রতিবেদক, নাটোর: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, একটি পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হচ্ছে। এই কার্ডটি পরিবারের বয়োজ্যেষ্ঠ নারী প্রতিনিধি অর্থাৎ মা বা বোনের নামে ইস্যু করা হবে। এটি একটি সর্বজনীন প্রকল্প, যা পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবার পাবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর সার্কিট হাউজে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, "বিগত সময়ে বিধবা ভাতা, বয়স্ক ভাতা বা কৃষি কার্ড বিতরণের ক্ষেত্রে মাঠ পর্যায়ে নানা ধরনের দুর্নীতি ও অনিয়ম হয়েছে। সুবিধাভোগীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগও আমরা পেয়েছি। এসব অনিয়ম বন্ধ করতে আমরা একটি ‘ইন্টিগ্রেটেড সিস্টেম’ বা সমন্বিত পদ্ধতি গড়ে তুলব, যেন সব ধরনের ভাতার সুবিধা একটি কার্ডের মাধ্যমেই নিশ্চিত করা যায়।"

ফারজানা শারমিন পুতুল আরও জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হবে, যা বর্তমান অন্যান্য ভাতার তুলনায় অনেক বেশি। প্রাথমিকভাবে ‘প্রক্সিমিটি টেস্ট’-এর মাধ্যমে স্কোরিং ভিত্তিতে হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত—এই তিন স্তরের মানুষের কাছে কার্ড পৌঁছানো হবে। তবে পর্যায়ক্রমে এটি মধ্যবিত্ত ও উচ্চবিত্তসহ সবার জন্যই উন্মুক্ত করা হবে। এটি কোনো নির্দিষ্ট ‘টার্গেট গ্রুপ’-এর জন্য সীমাবদ্ধ থাকবে না।

মতবিনিময় সভায় নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াতসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন