দেশের সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা সরকারের
স্টাফ রিপোর্টার: দেশের সব জেলা পরিষদের স্থাপনায় টেকসই জ্বালানি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। আগামী ৩১ জানুয়ারি ২০২৭ সালের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে সম্প্রতি এ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করে দেশের সব জেলা পরিষদের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়, জেলা ও উপজেলা পর্যায়ের দাপ্তরিক মূল ভবনসহ জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন অডিটোরিয়াম, ডাকবাংলো, হাট-বাজার ও অন্যান্য ভবনে বাধ্যতামূলকভাবে ন্যূনতম দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপসহ সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করতে হবে। এ কার্যক্রম বাস্তবায়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অথবা নিজস্ব রাজস্ব তহবিল থেকে অর্থ ব্যয় করা যাবে।
চিঠিতে আরও বলা হয়, সৌরবিদ্যুতের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণের পর উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করতে হবে। 'নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫' অনুযায়ী জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে জেলা পরিষদগুলো প্রাপ্ত হবে, যা তাদের রাজস্ব আয় বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
আর্থিকভাবে স্বাবলম্বী নয় এমন জেলা পরিষদগুলো বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের তালিকাভুক্ত কোম্পানির আর্থিক ও কারিগরি সহায়তায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় কাজ বাস্তবায়ন করবে। সেক্ষেত্রে সৌর প্যানেল স্থাপনকারী কোম্পানির সঙ্গে পরবর্তী ২০ বছরের মেরামত ও রক্ষণাবেক্ষণের চুক্তি সম্পাদনের নির্দেশ দেওয়া হয়েছে।
এআইএল/সকালবেলা