প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পেলেন গোলাপি বেগম

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পেলেন গোলাপি বেগম

স্টাফ রিপোর্টার: চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি সমাবেশে নজরে আসার পর অবশেষে স্থায়ী আবাসন পেলেন ফুটপাতে দিন কাটানো গোলাপি বেগম। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে নির্মিত নতুন বাড়ির চাবি আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে তুলে দেওয়া হয়।

বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’–এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংগঠনটির উদ্যোগে বাড়িটি নির্মাণ করা হয়। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে বাড়িটির চাবি তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং সংগঠনের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় গোলাপি বেগমকে নগদ আর্থিক সহায়তাও দেওয়া হয়।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'আমরা বিএনপি পরিবার'-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

নেতারা জানান, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে ‘আমরা বিএনপি পরিবার’।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন