কোটালীপাড়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বুরুয়া গ্রামের কালিগঞ্জ বাজার সংলগ্ন বাবুরখালে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শত বছরের সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকজ উৎসবের ধারাবাহিকতায় এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। আয়োজনকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে এবং সব ধর্মের মানুষের উপস্থিতিতে এটি এক সার্বজনীন মিলনমেলায় পরিণত হয়।
দুপুর ১২টার পর থেকে কোটালীপাড়ার বিভিন্ন এলাকা থেকে রং-বেরঙের সজ্জিত নৌকা নিয়ে প্রতিযোগীরা সুসংগঠিতভাবে অংশ নেন। বাবুর খালের দুই পাড়ে দাঁড়িয়ে হাজার হাজার উৎসুক জনতা এই বর্ণাঢ্য আয়োজন উপভোগ করেন।
নৌকা বাইচের ঐতিহ্য সম্পর্কে স্থানীয় ইতিহাস বিভাগের ভূতপূর্ব প্রভাষক নিরঞ্জন বিশ্বাস জানান, বংশপরম্পরায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে এখানে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। এ সময় পুরো কোটালীপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে স্বজন ও অতিথিদের আগমনে আনন্দের উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানটি অপ্রীতিকর ঘটনা এড়িয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কোটালীপাড়া থানার ওসির নেতৃত্বে ট্রলারে পুলিশ সদস্যরা বাবুর খালে দিনভর টহল পরিচালনা করেন।
এআইএল/সকালবেলা