৪১ বছরের মুয়াজ্জিনকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ণ
৪১ বছরের মুয়াজ্জিনকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

আবু রায়হান, রংপুর ব্যুরো: ৪১ বছর ধরে একই মসজিদে দাঁড়িয়ে সুমধুর কণ্ঠে আজান দিয়ে মানুষকে নামাজের দিকে আহ্বান করা প্রবীণ মুয়াজ্জিন মো. আবু তাহেরকে (৬৫) অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় জানিয়েছেন রংপুরের গুপ্তপাড়া এলাকার মুসল্লি ও এলাকাবাসী। দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর দায়িত্বের ইতি টানার দিনে তাঁকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে তুলে পুরো এলাকা প্রদক্ষিণ করিয়ে ব্যতিক্রমী এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ জুমা রংপুরের গুপ্তপাড়া ওয়াকফ জামে মসজিদ প্রাঙ্গণে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। দীর্ঘদিনের পরিচিত ও শ্রদ্ধেয় মানুষকে বিদায় জানাতে গিয়ে উপস্থিত অনেকের চোখেই ছিল অশ্রু।

অনুষ্ঠানে মসজিদের মুসল্লি ও এলাকাবাসীর পক্ষ থেকে বিদায়ী মুয়াজ্জিনকে সম্মাননা স্মারক প্রদানের পাশাপাশি অসুস্থতার চিকিৎসার সুবিধার্থে তাঁর হাতে ১ লাখ ৫৬ হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। পরবর্তীতে তাঁকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বসিয়ে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এলাকা প্রদক্ষিণ করানো হয়।

বিদায়বেলায় অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবু তাহের বলেন, "৪১ বছর ধরে এই মসজিদে দায়িত্ব পালন করেছি। এখানকার মানুষ আমার জীবনের অংশ হয়ে গেছে। আজ সবাই যেভাবে ভালোবাসা ও সম্মান দিয়ে আমাকে বিদায় দিলেন, তা কোনোদিন ভুলতে পারব না। এত মানুষের ভালোবাসা পেয়েছি, এটাই আমার জীবনের বড় পাওয়া।"

মসজিদের সেক্রেটারি মমতাজ জাহির আহমেদ ও খতিব আলহাজ্ব মাওলানা রবিউল ইসলাম বিদায়ী মুয়াজ্জিনের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠার প্রশংসা করেন এবং তাঁর সর্বাঙ্গীণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। আবু তাহেরের স্থলাভিষিক্ত হয়ে বর্তমানে দায়িত্ব গ্রহণ করেছেন হাফেজ মো. মেরাজুল ইসলাম (২০)।

সংবর্ধনা অনুষ্ঠানে ‘বাংলার চোখ’ স্বেচ্ছাসেবী সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব তানভীর হোসেন আশরাফী, আয়োজক আমিন মিয়া, মশিউর রহমান প্রিন্সসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও মসজিদ কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘ চার দশক পর যাঁর কণ্ঠে আজান বন্ধ হলো, এমন শ্রদ্ধেয় প্রবীণকে সম্মানের সাথে বিদায় জানিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন রংপুরবাসী।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন