বরিশালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বখাটে গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ণ
বরিশালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বখাটে গ্রেপ্তার

বিশেষ প্রতিবেদক: বরিশালের গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে খায়রুল আকন নামের এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের বেতগর্ভ গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার খায়রুল আকন একই গ্রামের আক্কাস আকনের ছেলে।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, বৃহস্পতিবার মধ্যরাতে দুই সন্তানের জননী এক গৃহবধূর বসতঘরে কৌশলে প্রবেশ করে একই গ্রামের দুই বখাটে খায়রুল আকন ও তার বন্ধু ইসলাম বালী। এ সময় খায়রুল আকন গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ইসলাম বালীও ধর্ষণের চেষ্টা চালালে গৃহবধূ আত্মরক্ষার্থে ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করেন এবং কৌশলে পালিয়ে বেঁচে যান।

ঘটনার খবর পেয়ে সরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মূল অভিযুক্ত খায়রুলকে গ্রেপ্তার করে। তবে আহত অপর অভিযুক্ত ইসলাম বালী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নির্যাতিত গৃহবধূকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন