সাভারে যুবলীগের মিছিলের পর আটক ৩
বিশেষ প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগ। এ ঘটনার পর আশুলিয়া থানা-পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। এর আগে জুমার নামাজের পর বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকা থেকে সরকার মার্কেট পর্যন্ত ওই ঝটিকা মিছিল বের করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন আশুলিয়া থানা ছাত্রলীগের সহসভাপতি খলিল প্রধান ও আশুলিয়া থানা রিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোশাররফ। অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্র ও ভিডিও ফুটেজ সূত্রে জানা যায়, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ কবির হোসেন সরকারের সৌজন্যে নেতা-কর্মীরা এই মিছিল বের করেন। মিছিলে যুবলীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে প্রত্যাখ্যান করে নানা স্লোগান দেওয়া হয়। মিছিল চলাকালে নরসিংহপুর এলাকায় ককটেল বিস্ফোরণের গুঞ্জন ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
তবে ককটেল বিস্ফোরণের অভিযোগ অস্বীকার করে আশুলিয়া থানা-পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এআইএল/সকালবেলা