লংমার্চের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামায়াত: রাশেদ খাঁন
অনলাইন ডেস্ক: লংমার্চ কর্মসূচির মাধ্যমে নতুন সরকারের বিরুদ্ধে জামায়াতে ইসলামী পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে এবং নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফিরে আসার সুযোগ তৈরি করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক নম্বর গেট পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, "জামায়াত রাজনৈতিকভাবে একটি হটকারী দল। বর্তমান সরকারের ছয় মাসের কার্যক্রম জনগণের কাছে প্রশংসিত হয়েছে। কিন্তু মাত্র সাত মাস বয়সী সরকারের বিরুদ্ধে পতনের মতো চূড়ান্ত কর্মসূচি 'লংমার্চ' দেওয়া অসংগত।" তিনি আরও স্মরণ করিয়ে দেন, ১৯৯৬ সালেও জামায়াত ও আওয়ামী লীগ একসঙ্গে তৎকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। ফলে নতুন করে আবারও তেমন কোনো ছক কষা হচ্ছে কি না, তা নিয়ে জনগণের মনে গভীর সন্দেহ দেখা দিয়েছে।
জোট নেতাদের গাড়ি নিয়ে লংমার্চকে কটাক্ষ করে তিনি বলেন, "লংমার্চের নামে প্রাডো গাড়িতে চড়ে আরামদায়ক ‘লংড্রাইভ’ দেওয়া হচ্ছে। জনগণের ভোগান্তি এড়িয়ে যদি সত্যিই জনবান্ধব কর্মসূচি করতে হয়, তবে ঢাকা থেকে হেঁটে রংপুরে আসা উচিত ছিল।" রাস্তাঘাট বন্ধ করে এই কর্মসূচি পালনের ফলে দেশজুড়ে আর্থিক ক্ষতি ও জ্বালানির অপচয় হচ্ছে বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।
তবে সরকার ভিন্নমতকে শ্রদ্ধা করে উল্লেখ করে তিনি জানান, জামায়াতের দাবিসমূহ অযৌক্তিক হলেও শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও গোয়েন্দা সংস্থা প্রস্তুত রয়েছে এবং সরকার সার্বিক সহযোগিতা বজায় রাখবে।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, প্রক্টর ড. ফেরদৌস রহমান এবং বেরোবি ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে রাশেদ খাঁন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বার্ন ইউনিট পরিদর্শন করেন।