পবিত্র কোরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়াতের
সকালবেলা অনলাইন: পবিত্র কোরআন শরিফ নিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ। একই সঙ্গে ওই বক্তব্যের জন্য আইনমন্ত্রীকে তাঁর অবস্থান জাতির সামনে স্পষ্ট করার এবং বক্তব্যটি প্রত্যাহার করে তাওবা করার দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের মহাসচিব মাওলানা মহিউদ্দীন রাব্বানী এ দাবি জানান।
বিবৃতিতে মাওলানা রাব্বানী বলেন, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক বক্তব্যে আইনমন্ত্রী বলেছেন—‘আমি কোরআনের আলোকে সংবিধান রচনা করতে পারি, কিন্তু কোরআনকে সংবিধান হিসেবে মানা উচিত হবে না।’ তাঁর এ বক্তব্য মুসলিম উম্মাহর ঈমান-আকিদার মৌলিক বিশ্বাসের সম্পূর্ণ সাংঘর্ষিক।
তিনি উল্লেখ করেন, কোরআন মাজিদ মহান আল্লাহ তাআলার নাজিলকৃত কালাম; এটি কোনো মানুষের রচিত সংবিধান নয় যে রাষ্ট্রীয় সুবিধার বিচারে গ্রহণ বা বর্জন করা যাবে। কোরআনের বিধানকে অগ্রাহ্য বা অবজ্ঞা করার সুযোগ নেই। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন ব্যক্তির কাছ থেকে এমন বিভ্রান্তিকর বক্তব্য অনাকাঙ্ক্ষিত ও গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে অবিলম্বে এই বক্তব্যের অবস্থান স্পষ্ট করে তা প্রত্যাহার এবং মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জোর দাবি জানানো হয়।
এআইএল/সকালবেলা