কুবিতে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীন বরণ অনুষ্ঠিত
বি এম ফয়সাল, কুবি প্রতিনিধি: ‘ভ্রাতৃত্বের বন্ধনে উজ্জীবিত হয়ে এগিয়ে চলা’ স্লোগানকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কুমিল্লার কোটবাড়ি সংলগ্ন নীলকুঞ্জ রিসোর্টে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ রাজীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহিন ইয়াসার ও তাসফিয়া তাহসিন প্রীতার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান চন্দন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ, সদস্যসচিব আবুল বাশার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমানসহ সংগঠনের নবীন-প্রবীণ শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মো. নুরুজ্জামান চন্দন বলেন, "নাড়ির টানে আজ কিশোরগঞ্জের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। দল-মত ও পথের ঊর্ধ্বে উঠে আঞ্চলিক এই সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে।" তিনি নবীনদের দক্ষ ও অনুপ্রাণিত নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
সংগঠনের সভাপতি মোহাম্মদ রাজীব বলেন, "কিশোরগঞ্জের শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবীন শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থেকে একটি ঐক্যবদ্ধ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে আমরা কাজ করে যাব।"
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এআইএল/সকালবেলা