নাইক্ষ্যংছড়িতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ণ
নাইক্ষ্যংছড়িতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় জাফর আলম বাবুল নামে এক কাঠ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাইশারী ইউনিয়নের লম্বাবিল তিতার পাড়া এলাকার একটি কেয়াং মন্দিরের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাফর আলম বাবুল স্থানীয় লম্বাবিল এলাকার বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর বাবুল আর ফিরে আসেননি। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কেয়াং মন্দিরের সামনে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবার ও পুলিশে খবর দেন। খবর পেয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে কোকসিং মার্মা (৩০) নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে। এছাড়া ঘটনার সময় মন্দিরের ভেতরে অংকিয় চিং মার্মা নামে অপর এক ব্যক্তি অবস্থান করছিলেন বলেও জানা গেছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজাম্মেল হক জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন