ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ পড়ার টেবিলে, মাঠে ১০ শতাংশ: মামুনুল হক

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ণ
ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ পড়ার টেবিলে, মাঠে ১০ শতাংশ: মামুনুল হক

স্টাফ রিপোর্টার: একটি আদর্শ ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হওয়া উচিত পড়ার টেবিলে এবং মাঠে-ময়দানে তাদের কার্যক্রম থাকা উচিত সর্বোচ্চ ১০ শতাংশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় আর্কাইভ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিম আয়োজিত 'ক্যারিয়ার গাইডলাইন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা মামুনুল হক বলেন, ছাত্র সংগঠনকে কেবল রাজনীতি ও আন্দোলনের জন্য সীমিত রাখলে চলবে না; বরং এটিকে শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও যোগ্যতার বিকাশে বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। কর্মজীবনের সাফল্য নির্ভর করে ছাত্রজীবনের অর্জিত মৌলিক দক্ষতার ওপর। সমাজ ও রাষ্ট্রে সঠিক নেতৃত্ব দিতে হলে শিক্ষাজীবন থেকেই জ্ঞান, গবেষণা ও ইলম অর্জনের মাধ্যমে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা জরুরি।

তিনি আরও বলেন, জ্ঞান ও ইলমের কোনো বিকল্প নেই। যোগ্য রাজনৈতিক নেতৃত্ব গড়ে তুলতে হলে আগে নিজেকে মেধা ও চিন্তার দিক থেকে প্রস্তুত করতে হবে। তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং এ সাফল্যের ধারা ধরে রেখে প্রতিটি শিক্ষাঙ্গনে আদর্শিক আলো ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আদনান রাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান সম্পাদক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার সিনিয়র শিক্ষক মুফতি সাইদ আহমাদ, বিশিষ্ট লেখক ও আলোচক মাওলানা আবু নাইম ফয়জুল্লাহ এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা জাকারিয়া আল ফারুকিসহ সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন