কুষ্টিয়ায় ১২ টন চিনিসহ আটক ৪
কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকা থেকে ১২ টন খোলা চিনি বোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় চিনির মালিকসহ চারজনকে আটক করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন জানান, সকালে ট্রাকের নিচ দিয়ে গলে চিনি রাস্তায় পড়তে দেখে স্থানীয়রা সেটি আটকে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ট্রাকসহ চারজনকে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, চুয়াডাঙ্গার দর্শনা থেকে এসব চিনি খাজানগরের উদ্দেশ্যে আনা হচ্ছিল।
ওসি আরও জানান, এর আগের দিন শুক্রবার রাতেও আরও দুই ট্রাক চিনি খাজানগরে প্রবেশ করেছে বলে প্রাথমিক তথ্য রয়েছে। ওই দুই ট্রাক চিনি উদ্ধার এবং কার উদ্দেশ্যে এসব চালান আনা হয়েছে তা অনুসন্ধানে অভিযান চলছে।
স্থানীয়রা জানান, খাজানগরের 'রাজধানী এন্টারপ্রাইজ'-এর সামনে ট্রাক থামিয়ে চিনি খালাসের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। গলে যাওয়া চিনি নিতে অনেকে সেখানে হুড়োহুড়ি করেন। পরবর্তীতে পুলিশ গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
অবশ্য রাজধানী এন্টারপ্রাইজের মালিক মুস্তাফিজুর রহমান বাবু তাঁর সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে জানান, চিনিগুলো পাশের কামাল নামের একজনের গোডাউনে নেওয়ার কথা ছিল।
এআইএল/সকালবেলা