জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনে কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
কিশোরগঞ্জ প্রতিনিধি: দেশে প্রথমবারের মতো রাজধানীর বাইরে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে। আগামী ১৬ আগস্ট এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেদিন কটিয়াদী উপজেলা সদরের চারিাপাড়া এলাকার একটি মৎস্য হ্যাচারি থেকে মৎস্য সপ্তাহের শুভ সূচনা করবেন তিনি। অনুষ্ঠান শেষে সফল ও সেরা মৎস্যচাষি এবং মৎস্যজীবীদের হাতে জাতীয় পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী।
আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলা ও উপজেলাজুড়ে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। কর্মসূচির অংশ হিসেবে গত কাল রোববার (২৬ জুলাই ২০২৬) কটিয়াদীতে সম্ভাব্য ভেন্যুসমূহ সরেজমিনে পরিদর্শন করেন সরকারের দুই প্রতিমন্ত্রী।
বিকেলে কটিয়াদী উপজেলার আচমিতা কার্প হ্যাচারি কমপ্লেক্স, বেতালের ডোবা জলাশয়, জনসভাস্থল হিসেবে নির্ধারিত কটিয়াদী কলেজ মাঠ, সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ও আচমিতা খেলার মাঠ ঘুরে দেখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম।
এ সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন, জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সফর ও সামগ্রিক প্রস্তুতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এআইএল/সকালবেলা