ডিগ্রিধারীদের কর্মসংস্থানে জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ণ
ডিগ্রিধারীদের কর্মসংস্থানে জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক: দেশে উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি এবং গবেষণার উপযুক্ত পরিবেশ তৈরিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (১১ অক্টোবর) গাজীপুরের বোর্ডবাজারে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৮তম সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ সব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমি কার্যক্রম পরিচালনা ও গবেষণার পরিধি বাড়াতে এরই মধ্যে সরকারি বাজেট বাড়োনো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারের সাথে তাল মেলাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে কাজ করার ক্ষেত্রেও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন বিন ইবনে রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবর্তনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. হোসেন আরাবি নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদসহ দেশি-বিদেশি বিভিন্ন কূটনৈতিক ও শিক্ষকবৃন্দ। আলোচকরা নতুন গ্র্যাজুয়েটদের সততা ও নৈতিকতা বজায় রেখে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এআইএল/সকালবেলা