দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা পেল চার শতাধিক মানুষ
রূপম চাকমা (দীঘিনালা): খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় সাজেক সড়কে অবরোধের কারণে যাতায়াত ব্যবস্থায় চরম ভোগান্তি তৈরি হলেও স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (১১ অক্টোবর) দীঘিনালা জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মো. আল-আমিন, পিএসসির নির্দেশনায় এবং আরএমওর তত্ত্বাবধানে উপজেলার জোড়া ব্রিজ এলাকায় আয়োজিত এক বিশেষ স্বাস্থ্যক্যাম্পে অসহায় চার শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে।
অবরোধের কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় পাহাড়ি দুর্গম এলাকার দুস্থ মানুষ যখন সময়মতো স্বাস্থ্যসেবা ও ওষুধ পেতে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন, ঠিক সে মুহূর্তে সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা প্রাপ্তিতে গভীর স্বস্তি প্রকাশ করেছেন চিকিৎসাসেবা নিতে আসা সুবিধাভোগীরা। তারা সেনাবাহিনীর এমন সময়োপযোগী ও মানবিক উদ্যোগের প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
দীঘিনালা জোনের আরএমও জানান, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের পাশাপাশি পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা