বিশ্বজয়ী হাফেজ হিরাকে বিমানবন্দরে সংবর্ধনা দেবে ধর্ম মন্ত্রণালয়

প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ণ
বিশ্বজয়ী হাফেজ হিরাকে বিমানবন্দরে সংবর্ধনা দেবে ধর্ম মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ২০২৬-এ প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশি হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে আনুষ্ঠানিক সংবর্ধনা দেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 

সোমবার (১২ অক্টোবর) দেশে ফেরার কথা রয়েছে তাঁর।

কৃতী এই হাফেজ রাজধানীর মিরপুর-১-এ অবস্থিত 'মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী' মাদরাসার শিক্ষার্থী। তাঁর এই গৌরবোজ্জ্বল সাফল্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন বার্তা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়ালালামপুরে অনুষ্ঠিত বিশ্বমানের এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে প্রথম স্থান অর্জন করেন ইহতেশামুল হক হিরা।

সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করার পরপরই তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা জানানো হবে। প্রতিষ্ঠান সূত্রে জানানো হয়েছে, বিমানবন্দরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ধর্মমন্ত্রী স্বয়ং উপস্থিত থাকবেন।

এআইএল/সকালবেলা