জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার: উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে সঠিকভাবে ব্যয় হয়, তা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু।
সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, গৃহীত উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা অনেকগুলো প্রকল্প গ্রহণ করেছেন এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। সেই লক্ষ্য অর্জনে সরকার থেকে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেওয়া হবে। তবে মনে রাখতে হবে, এটি জনগণের অর্থ। জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন সঠিকভাবে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে সবাইকে মনোযোগী হতে হবে।”
সরকারি দায়িত্ব পালনকে দেশের সেবা করার বিশেষ সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় সরকারি কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিরা সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন। সৃষ্টিকর্তা অর্পিত এই সুযোগকে দেশের মানুষের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজে লাগানো উচিত। দায়িত্বে থাকার সময়টুকুকে সর্বোচ্চ ব্যবহার করে নিজ নিজ অবস্থান থেকে অর্পিত কর্তব্য যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।
এছাড়া সভায় নীতি নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নে কর্মকর্তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও মতামত উন্মুক্তভাবে প্রকাশের তাগিদ দেন প্রধানমন্ত্রী।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা