দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’
মো. নাফিস হাসনাইন (বিশেষ প্রতিনিধি, দিনাজপুর): স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে দিনাজপুরে পালিত হয়েছে এক বর্ণাঢ্য ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’। খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালের উদ্যোগে গত শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় এ জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য স্লোগান ছিল—"জেনে নিন, জেগে উঠুন, স্ক্রিনিং জীবন বাঁচায়।"
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ফুলবাড়ী বাসস্ট্যান্ড মোড় ও সদর হাসপাতাল মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী বড় ময়দানের সামনে গিয়ে শেষ হয়। এ সময় সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ ও দ্রুত চিকিৎসার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন তথ্য জানানো হয়।
খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালের সহ-সভাপতি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ এবং প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবিরের নেতৃত্বে শোভাযাত্রাটি পরিচালিত হয়।
এতে আরও উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু ও ডা. মো. জিয়াউল হক জিয়া, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালের যুগ্ম সম্পাদক রাহবার কবির পিয়াল, কার্যনির্বাহী সদস্য জুলফিকার রহমান বাবু, আক্তারুজ্জামান আখতার ও শওকত উল্লাহ মজিদ বাদশা, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধা রঞ্জন রায়, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার, আজীবন সদস্য গোলাম রসুল রকেট এবং জনসংযোগ কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান পিন্টু। এছাড়া বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন।
খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল কবির বলেন, স্তন ক্যান্সার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। প্রাথমিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং নিয়মিত স্ক্রিনিংয়ের মাধ্যমে রোগটি প্রথম দিকেই শনাক্ত করা গেলে জীবন রক্ষা পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়।
এআইএল/সকালবেলা