কিশোরগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) অনুষ্ঠিত এ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ও জামালপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, সড়ক নিরাপত্তা এবং মাদক প্রতিরোধে গৃহীত নানা পদক্ষেপের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেলসহ প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বিভাগের উচ্চপদস্থ প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব সরকারি সংস্থাকে আরও সমন্বিত ও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন।
এআইএল/সকালবেলা