নাগরপুরে স্বেচ্ছাসেবক দল আহ্বায়কের মৃত্যু, এমপি লাভলুর শোক

প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ণ
নাগরপুরে স্বেচ্ছাসেবক দল আহ্বায়কের মৃত্যু, এমপি লাভলুর শোক

রিপন খান রবিন (নাগরপুর, টাঙ্গাইল): টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজু মৃত্যুবরণ করেছেন।

রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসভবনে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এ অকাল মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শাহজাহান সাজুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। শোকবার্তায় এমপি লাভলু বলেন, শাহজাহান সাজু ছিলেন জাতীয়তাবাদী আদর্শের একনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ কর্মী। তাঁর দেশপ্রেম এবং জনসেবামূলক কর্মকাণ্ড আমাদের অনুপ্রেরণা জোগাবে। তাঁর প্রয়াণে নাগরপুরবাসী এক জনবান্ধব নেতাকে হারাল। সংসদ সদস্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া নাগরপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষকদল ও ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। রোববার বিকেল ৩টায় জানাজা শেষে মরহুমের লাশ সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এআইএল/সকালবেলা