গজারিয়ায় মা ইলিশ ধরায় দুই জেলের কারাদণ্ড

প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ণ
গজারিয়ায় মা ইলিশ ধরায় দুই জেলের কারাদণ্ড

মোঃ দুলাল সরকার (গজারিয়া প্রতিনিধি): মুন্সিগঞ্জের গজারিয়ায় মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটকদের মধ্যে দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং জব্দকৃত ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) মেঘনা নদীর ভাটি বলাকি এলাকায় গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা মৎস্য দপ্তর, কোস্ট গার্ড ও নৌ-পুলিশ যৌথভাবে অংশ নেয়।

অভিযানকালে ইলিশ শিকারের অভিযোগে পাঁচ জেলেকে হাতেনাতে আটক করা হয়। তাঁদের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবারের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। আইন অমান্য করায় বাকি দুজন প্রাপ্তবয়স্ক জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যথাক্রমে ১৫ দিন ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যা পরবর্তীতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করে দেওয়া হয়।

গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা আঃ সামাদ জানান, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে এবং উৎপাদন বৃদ্ধিতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের কড়া নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা