কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ণ
কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

বিশেষ প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। বিদ্যুতায়িত এক ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে অপর ভাইও।

রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত দুই শিশু মুয়াজ (৭) ও আরাফাত (৬) কাওয়ালীকান্দা গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তারের সন্তান।

স্বজনরা জানান, রোববার সকালে বাড়ির উঠানের পাশে খেলাধুলা করছিল দুই ভাই। এ সময় হঠাৎ করে এক ভাই বিদ্যুতের ছেঁড়া তারের সঙ্গে স্পৃষ্ট হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় আকড়ে ধরে বাঁচাতে গেলে অপর ভাইও সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। শিশুদের চিৎকার শুনে আশপাশের লোকজন ও স্বজনরা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

এআইএল/সকালবেলা