সৌদিতে ভবন থেকে নির্মাণসামগ্রী পড়ে কটিয়াদীর প্রবাসীর মৃত্যু
মিজানুর রহমান (কটিয়াদী, কিশোরগঞ্জ): সৌদি আরবের মক্কা শহরে বহুতল ভবন থেকে মাথায় নির্মাণসামগ্রী পড়ে ফয়সাল মিয়া (৩৬) নামের এক প্রবাসী বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ফয়সাল মিয়া কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার নামা বোয়ালিয়া মহল্লার মো. চাঁন মিয়ার ছেলে। তিনি সৌদি আরবের মক্কা শহরে আল ইয়ামামা কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। পরিবারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে প্রায় ১০ বছর আগে তিনি প্রবাসে পাড়ি জমিয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে কর্মস্থলে দায়িত্ব পালন করার সময় একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে নির্মাণকাজে ব্যবহৃত ভারী ব্লক ফয়সালের মাথার ওপর এসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তাঁর মৃত্যু হয়। ফয়সালের রুমমেট জাকির হোসেন মুঠোফোনে দেশে পরিবারকে মৃত্যুর সংবাদটি জানান।
নিহতের স্ত্রী কোহিনুর বেগম জানান, স্বামীই ছিলেন তাঁদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এখন সন্তানদের নিয়ে কীভাবে চলবেন তা ভেবে তিনি দিশাহারা হয়ে পড়েছেন। স্বামীর মুখটি শেষবারের মতো দেখার জন্য তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের কাছে জোর দাবি জানান তিনি।
ফয়সালের আকস্মিক মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর থেকেই শোকের মাতম চলছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার পরিবার এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
এআইএল/সকালবেলা