সৌদিতে হামলায় নিহত ২ বাংলাদেশি, আইসিইউতে ৪

প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ণ
সৌদিতে হামলায় নিহত ২ বাংলাদেশি, আইসিইউতে ৪

স্টাফ রিপোর্টার: সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের মরদেহ সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। একই ঘটনায় গুরুতর আহত আরও চারজন বাংলাদেশি বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (১১ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদিতে চিকিৎসাধীন আহত বাংলাদেশিদের চিকিৎসার সার্বক্ষণিক তদারকি ও খোঁজখবর রাখতে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি সৌদি আরবে অবস্থানরত সাধারণ প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং নিরাপদে অবস্থানের আহ্বান জানান।

তিনি আরও উল্লেখ করেন, রিয়াদের পাশাপাশি সৌদির অন্যান্য বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতি অনুকূলে এলে বিমান চলাচলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের এমন বর্বর ও প্রাণঘাতী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আহত ও নিহত বাংলাদেশিদের সার্বিক সহায়তায় বাংলাদেশ মিশন সৌদি স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রেখে কাজ করে যাচ্ছে।

এআইএল/সকালবেলা