প্রতিমন্ত্রী ফরহাদের নামে ‘শিবির মিডিয়া সেল’ পেজে ভুয়া ভিডিও
স্টাফ রিপোর্টার: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে জড়িয়ে ফেসবুকে ভুয়া ছবি ও আপত্তিকর ভিডিও ছড়ানোর তীব্র অভিযোগ উঠেছে। ‘শিবির মিডিয়া সেল’ নামের একটি বিতর্কিত ফেসবুক পেজ থেকে এ ধরনের বিভ্রান্তিকর ও কৃত্রিম কনটেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে।
ভিডিও ও প্রযুক্তিগত বিশ্লেষণে দেখা গেছে, প্রযুক্তি বা এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে অন্যের শরীরের ওপর প্রতিমন্ত্রীর চেহারা বসিয়ে এবং ডিপফেক কৌশলে ঠোঁটের নড়াচড়া তৈরি করে এসব মনগড়া ভিডিও বানানো হয়েছে।
সম্প্রতি একটি বিতর্কিত ঘটনায় জামায়াতের এক সাবেক সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কারের প্রেক্ষাপটে বিএনপি নেতা ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এমন ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রতিমন্ত্রী অভিযোগ করে জানান, কিছুদিন ধরে সাংবাদিক পরিচয়ে একটি চক্র তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানো এবং সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা নিয়ে বক্তব্য দেওয়ায় একটি স্বার্থান্বেষী গোষ্ঠী অপপ্রচারে মেতে উঠেছে। উল্লেখ্য, চাঁদা দাবির একাধিক অডিও রেকর্ডও পাওয়া গেছে।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা জানান, সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচার ও রাজনৈতিক ব্যক্তিত্বদের হেয় করার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সংশ্লিষ্ট পেজটি ছাত্রশিবিরের অফিসিয়াল প্ল্যাটফর্ম না হলেও জামায়াত-শিবিরপন্থী প্রচারণায় যুক্ত থাকায় প্রতিমন্ত্রী পেজটির পেছনে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।
এআইএল/সকালবেলা
|