জুলাই যোদ্ধার নবজাতক কন্যাকে প্রধানমন্ত্রীর উপহার
বিশেষ প্রতিনিধি: চব্বিশের গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা মো. সুজনের সদ্যজাত কন্যাসন্তান সাইফা নুর সুবহার জন্য ভালোবাসার উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল ঢাকার কেরানীগঞ্জে সুজনের বাড়িতে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর পক্ষে এই উপহারসামগ্রী পৌঁছে দেয়।
প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল। সঙ্গে ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা নবজাতক সুবহার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি চিকিৎসাধীন জুলাই যোদ্ধা সুজনের স্বাস্থ্যের অগ্রগতি ও তাঁর পরিবারের খোঁজ নেন তাঁরা।
এ সময় অন্যান্যের মধ্যে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজিব, রুবেল আমিন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু হানিফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|