সচিবালয়ে জাপানের বিশেষ উপদেষ্টা: শাহজালাল ৩য় টার্মিনাল ও এমআরটি প্রকল্প নিয়ে আলোচনা

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ণ
সচিবালয়ে জাপানের বিশেষ উপদেষ্টা: শাহজালাল ৩য় টার্মিনাল ও এমআরটি প্রকল্প নিয়ে আলোচনা

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের বিদ্যমান দীর্ঘদিনের কৌশলগত অংশীদারি আরও সুদৃঢ় করা, বাংলাদেশে সরাসরি জাপানি বিনিয়োগ (FDI) বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতার পরিধি সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ ও বিস্তৃত আলোচনা করা হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশি তরুণদের জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক ও পেশাদার গাড়িচালক নিয়োগের জন্য জাপানি উদ্যোগ বৃদ্ধির আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশে বিপুল জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারের মতো আরও একাধিক নতুন বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও শিল্প পার্ক প্রতিষ্ঠায় সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সুযোগ-সুবিধা ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ ছাড়া বৈঠকে আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনালের শুভ উদ্বোধন, রাজধানীতে চলমান এমআরটি (মেট্রোরেল) প্রকল্পের সামগ্রিক অগ্রগতি এবং দুই দেশের মধ্যকার ভৌত অবকাঠামোগত দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করে আলোচনা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন