গোবিপ্রবিতে বাসসেবা বন্ধে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা
মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বাস চলাচল সীমিত করায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। নির্দিষ্ট সময়ে বাস না থাকায় ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাচুড়িয়া ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় ১৫ জুন ২০২৬ থেকে দুপুর ও বিকেলের কয়েকটি ট্রিপ বন্ধ রাখা হয়েছে। বর্তমানে দিনে মাত্র ৫টি নির্ধারিত ট্রিপ চালু রয়েছে। ব্রিজ মেরামত সম্পন্ন হলে সেবা স্বাভাবিক করার কথা বলা হলেও এখনো কোনো সমাধান মেলেনি।
বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর মধ্যে মাত্র ২০ শতাংশ হলে থাকার সুযোগ পান। বাকি ৮০ শতাংশ অনাবাসিক শিক্ষার্থী প্রতিদিন যাতায়াতের জন্য সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর নির্ভরশীল। দীর্ঘদিন সীমিত বাসসেবার কারণে তাদের বাধ্য হয়ে বিকল্প যানবাহনে অতিরিক্ত অর্থ খরচ করে যাতায়াত করতে হচ্ছে। প্রতি সেমিস্টারে ৫০০ টাকা করে পরিবহন ফি দিয়েও সঠিক সেবা না পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে পরিবহন প্রশাসক সহকারী অধ্যাপক হাশেম রেজা জানান, বিকল্প পথে চলাচলের কারণে জ্বালানি ব্যয় বেড়েছে। পাশাপাশি বাজেট অপরিবর্তিত রেখে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক সূচিতে বাস চালানো সম্ভব হচ্ছে না। তবে শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে নবীনবাগ রুটে একটি ট্রিপ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
এআইএল/সকালবেলা
|