বগুড়া শাহ্ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৩ অপরাহ্ণ
বগুড়া শাহ্ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন

ওয়াফিক শিপলু, বগুড়া প্রতিনিধি: বগুড়ার ঐতিহ্যবাহী সরকারি শাহ্ সুলতান কলেজে ‘বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় নবনির্মিত ছয়তলা বিশিষ্ট বিজ্ঞান ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন এই ভবনের উদ্বোধন করেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, সরকারি শাহ্ সুলতান কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সহিদুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম ও কে এম খায়রুল বাশার, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান সরকার এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দৃষ্টিনন্দন ও আধুনিক এই নতুন ভবনটি চালুর ফলে কলেজে বিজ্ঞান শিক্ষার অবকাঠামোগত সুযোগ-সুবিধা বহুগুণ বৃদ্ধি পেল। শিক্ষার্থীরা এখন গবেষণাগার ও ব্যবহারিক শিক্ষার আধুনিক সুযোগের মাধ্যমে তাদের মেধা বিকাশের পথ সুগম করতে পারবে। এতে কলেজের সামগ্রিক শিক্ষার গুণগত মান উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিগণ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন