বেফাক মহাসচিবকে আলেমদের ১২ দফা প্রস্তাব
নিউজ ডেস্ক: কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন ও সাম্প্রতিক সংকট নিরসনে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের কাছে ১২ দফা প্রস্তাবনা পেশ করেছে ‘সচেতন আলেম সমাজ’।
আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বেলা ১১টায় বেফাক কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে সচেতন আলেম সমাজের একটি প্রতিনিধি দল এই লিখিত প্রস্তাব জমা দেয়।
প্রতিনিধি দলে ছিলেন মারকাযুল লুগাতিল আরাবিয়া বাংলাদেশের পরিচালক মুফতি মহিউদ্দীন ফারুকী, সিলেটের আদিনাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা রুহুল আমীন সাদী, ঢাকার মদিনাতুল উলুমের মুহাদ্দিস মুফতি আবু মুহাম্মদ রাহমানী, জামিয়াতুল মানহালের মুহাদ্দিস মুফতি আদনান মাসউদ, মাওলানা শফিকুল ইসলাম ইমদাদি রাহাত, মুফতি আ ফ ম আকরাম হুসাইন, মাওলানা আবদুল গাফফার, সাংবাদিক মুফতি আব্দুল্লাহ তামিম এবং সাংবাদিক মাওলানা রাকিবুল ইসলাম রইস।
উপস্থাপিত ১২ দফা প্রস্তাবনায় কওমি মাদরাসায় স্বচ্ছতা ও প্রশাসনিক সুশাসন প্রতিষ্ঠায় কেন্দ্রীয় শিক্ষক নিবন্ধন ও তথ্যভান্ডার (ডাটাবেজ) গঠন, শিক্ষক নিয়োগে সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ এবং অপরাধে জড়িত শিক্ষকদের ব্ল্যাকলিস্টভুক্ত করার সুপারিশ করা হয়।
এছাড়া মাদরাসার অনুমোদন ও নিয়মিত নবায়ন প্রথা চালু, পরিদর্শন কার্যক্রম জোরদার, শিক্ষকদের বাধ্যতামূলক প্রশিক্ষণ, শিশু সুরক্ষা নীতিমালা বাস্তবায়ন, অভিযোগ নিরসনে ২৪ ঘণ্টার হেল্পলাইন এবং কেন্দ্রীয় মনিটরিং সেল গঠনের জোর দাবি জানানো হয়। পাশাপাশি মিথ্যা প্রচারণার শিকার প্রতিষ্ঠান ও শিক্ষকদের আইনি সুরক্ষা প্রদান এবং মহিলা ও হিফজ মাদরাসার জন্য পৃথক পরিচালনা বিধিমালা প্রণয়নেরও প্রস্তাব দেন আলেম সমাজ।
এআইএল/সকালবেলা
|