সিজেপির আন্দোলনকে ‘নর্দমার জেনারেশন’ বলে কটাক্ষ কঙ্গনার
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে নিট (NEET) পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে তরুণ প্রজন্মের (জেনারেশন-জি) নেতৃত্বাধীন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আন্দোলন ও শিক্ষার্থীদের চলমান বিক্ষোভকে কঠোর ভাষায় আক্রমণ করে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিজেপি সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাউত।
হিমাচল প্রদেশের মান্ডি আসনের এই লোকসভা সদস্য নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক বার্তায় শিক্ষার্থীদের আন্দোলনকে তীব্র ব্যঙ্গ করেন। আন্দোলন সম্পর্কিত ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও রিলকে তিনি ‘বমি উদ্রেককারী’ ও দৃষ্টিকটু আখ্যা দিয়ে প্রশ্ন তোলেন, ‘কে এদের জন্ম দিচ্ছে আর মানুষ করছে?’
বিক্ষোভে অংশ নেওয়া তরুণ-তরুণীদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করে কঙ্গনা তাঁদের ‘নর্দমার জেনারেশন’ (জেনারেশন গাটার) বলে সম্বোধন করেন। তিনি দাবি করেন, একটি নির্বাচিত সরকারকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে নাগরিকেরা বাধ্য করতে পারেন না। আন্দোলনকারীদের যদি সরকার পরিচালনায় পরিবর্তন আনার এতই ইচ্ছে থাকে, তবে যন্তর-মন্তরে বসে আন্দোলনের নাটক না করে সরাসরি নির্বাচনে অংশ নেওয়া উচিত।
একই সঙ্গে আন্দোলন রুখতে কঠোর অবস্থানের জন্য দিল্লি পুলিশের ভূয়সী প্রশংসা করেন এই বিজেপি এমপি। কঙ্গনার দাবি, পার্লামেন্ট ভবনের ভেতরে থাকা প্রতিনিধিরা আতঙ্কিত ছিলেন যে বিক্ষোভকারী শিক্ষার্থীরা যেকোনো সময় ভেতরে ঢুকে হামলা বা সহিংসতা চালাতে পারে।
এআইএল/সকালবেলা
|