পাঁচবিবিকে মডেল পৌরসভা গড়ার প্রতিশ্রুতি ডালিমের
মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে পৌরবাসীকে জলাবদ্ধতামুক্ত পরিচ্ছন্ন ও আধুনিক মডেল পৌরসভা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি দলীয় মেয়র পদপ্রার্থী আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।
গতকাল সোমবার (২৭ জুলাই ২০২৬) বিকেলে দানেজপুর এলাকায় পাঁচবিবি পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি বলেন, "দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক ভিত শক্ত করেছি। এবার পাঁচবিবি পৌরবাসীর অভিভাবক হিসেবে সেবা করতে চাই। বর্তমানে জরাজীর্ণ সড়ক, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও দীর্ঘদিনের জলাবদ্ধতায় নাগরিক দুর্ভোগ চরমে পৌঁছেছে। নির্বাচিত হলে সুপরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে পাঁচবিবিকে একটি নাগরিকবান্ধব ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলব।"
৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আহসান হাবিবের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট ও উপজেলা অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য দেন। মতবিনিময় সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
এআইএল/সকালবেলা
|