গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ণ
গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: দেশের বিদ্যমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে জরুরি সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দুপুরে মালয়েশিয়ার সরকারপ্রধানের সঙ্গে সরাসরি ফোনালাপে এ সহযোগিতা কামনা করেন তিনি। জবাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাঁর দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে দ্রুততম সময়ে গ্যাস সরবরাহ সহায়তার আশ্বাস দেন।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রতিমন্ত্রী জানান, ভাসমান এলএনজি টার্মিনালের সাময়িক ত্রুটি বা ব্যবস্থাপনার ঘাটতির কারণে সাময়িক এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। জনগণের নির্বাচিত সরকার হিসেবে আমরা সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দিনরাত কাজ করছি। সমস্যার গভীরতা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে বিশেষ একটি চিঠি পাঠান, যা আজ কুয়ালালামপুরে অবস্থানরত শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

পরবর্তীতে আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় দুই দেশের সরকারপ্রধানের মধ্যে টেলিফোনে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা হয়। ফোনালাপে দেশের জ্বালানি ঘাটতি মেটাতে মালয়েশিয়ার বিশেষ সহযোগিতা প্রত্যাশা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

জ্বালানি প্রতিমন্ত্রী জানান, চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি কমানোই এখন মূল অগ্রাধিকার। সরকারের এ শীর্ষপর্যায়ের কূটনৈতিক তৎপরতার ফলে দ্রুতই গ্যাস সংকটের টেকসই সমাধান আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন