ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা ও অস্থিরতার প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার স্বার্থে বিশেষ জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। সোমবার (২ মার্চ) জারি করা এই বিজ্ঞপ্তিতে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত সকল নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রবাসীদের যেকোনো পরিস্থিতিতে শান্ত থাকার আহ্বান জানিয়ে গুজব থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, সৌদি আরবের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধ বা সংঘাত সংক্রান্ত কোনো ছবি, ভিডিও আপলোড, সংবাদ প্রচার, শেয়ার, লাইক বা কমেন্ট করা থেকে বিরত থাকতে হবে। সাইবার আইন লঙ্ঘনকারী যেকোনো কর্মকাণ্ড প্রবাসীদের জন্য আইনি জটিলতা তৈরি করতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।
এছাড়া আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতিতে ফ্লাইটের সময়সূচি প্রতিনিয়ত পরিবর্তিত হতে পারে। তাই বিমানবন্দরে যাওয়ার আগেই সংশ্লিষ্ট বিমান সংস্থা কিংবা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের বর্তমান অবস্থা নিশ্চিত হওয়ার জন্য যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ এড়াতে যাত্রীদের এই আগাম সতর্কবার্তা অনুসরণ করতে বলা হয়েছে।
যেকোনো জরুরি প্রয়োজনে বা আইনি সহায়তার জন্য রিয়াদ দূতাবাস কয়েকটি হটলাইন নম্বর চালু করেছে। কূটনৈতিক উইংয়ের জন্য ৮০০১০০০১২৪, শ্রম কল্যাণ উইংয়ের জন্য ৮০০১০০০১২৫ এবং পাসপোর্ট ও কনস্যুলার সেবার জন্য ৮০০১০০০১২৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া জেদ্দাস্থ কনস্যুলেট জেনারেল থেকেও প্রবাসীদের সার্বক্ষণিক সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। বর্তমান সংকটকালীন সময়ে দেশটিতে অবস্থানরত প্রায় ৩০ লাখ বাংলাদেশির জানমালের নিরাপত্তা নিশ্চিতে দূতাবাস নিবিড়ভাবে কাজ করছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ