কমলগঞ্জের কৃতী সন্তান মাহবুবুল ইসলাম শ্রম প্রতিমন্ত্রীর এপিএস নিযুক্ত

কমলগঞ্জের কৃতী সন্তান মাহবুবুল ইসলাম শ্রম প্রতিমন্ত্রীর এপিএস নিযুক্ত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কৃতী সন্তান মো. মাহবুবুল ইসলাম। এর আগে তিনি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এই নিয়োগের আদেশ জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মো. মাহবুবুল ইসলাম ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে মাঠ প্রশাসনে তিনি দক্ষতা, সততা ও সাহসিকতার স্বাক্ষর রেখেছেন। বিশেষ করে সিলেট সদর ও বাহুবল উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতকরণ এবং সাহসী মোবাইল কোর্ট পরিচালনায় তার ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে।

বদলির আদেশ জারির পর সোমবার (২ মার্চ) তিনি বাহুবল উপজেলার দায়িত্বভার সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে হস্তান্তর করেছেন। আজ মঙ্গলবার (৩ মার্চ) তিনি তার নতুন কর্মস্থল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন।

কমলগঞ্জের এই মেধাবী কর্মকর্তার গুরুত্বপূর্ণ পদে পদায়নে স্থানীয় মহলে সন্তোষ ও আনন্দের জোয়ার বইছে। নতুন কর্মস্থলেও তিনি তার মেধা ও কর্মদক্ষতার মাধ্যমে সাফল্যের ধারা অব্যাহত রাখবেন বলে শুভাকাঙ্ক্ষীরা আশাবাদ ব্যক্ত করেছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন