বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ

বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণ কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য জানিয়েছেন।

আতিকুর রহমান রুমন বলেন, ‘আজ সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজের দপ্তরে আসেন। তিনি অফিসে এসে নিজের কক্ষের ৫০ শতাংশ লাইটের সুইচ অফ করে দেন এবং এসির বিদ্যুৎ প্রবাহ ২৫ দশমিক ১ মাত্রায় নিয়ে আসেন। এই মাত্রা নিলে বিদ্যুৎ খরচ কম হয়।’ তিনি বলেন, ‘শুধু তাই নয়, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে প্রবেশ করেই কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দিতে এবং এসির মাত্রা কমিয়ে দিতে বলেন।’

অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রীর এই ব্যতিক্রমী উদ্যোগের পরে তার দপ্তরের সব কক্ষে তাৎক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ এবং এসির মাত্রা কমানো হয়। প্রধানমন্ত্রী সচিবালয়ের সব মন্ত্রণালয়, সারা দেশে সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিং মলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। দিনের বেলা পর্দার জানালা সরিয়ে সূর্যের আলো ব্যবহারের জন্য সবার প্রতি প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন বলে অতিরিক্ত প্রেস সচিব জানান। সচিবালয়ের ১ নম্বর ভবনটি প্রধানমন্ত্রীর দপ্তর, যেখানে মন্ত্রিপরিষদ বিভাগসহ বিভিন্ন বিভাগ রয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন