ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার পলাশি গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনির শিকার হয়ে এক সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরও সাতজনকে পুলিশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে। উত্তেজিত জনতা এসময় সন্দেহভাজনদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
নিহত মো. শাহীন (৫৫) রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের আকরাম আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, আটককৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, বুধবার গভীর রাতে একটি ট্রাকে করে আটজন ব্যক্তি তালা কাটার সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ পলাশি বাজার এলাকায় প্রবেশ করে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা চারদিক থেকে ঘিরে ফেলে তাদের আটক করে। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস জানান, আহত সাতজনের মধ্যে ছয়জনকে ৪ নম্বর ওয়ার্ডে এবং একজনকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। আহতরা হলেন— শামীম (৩৫), শফিকুল (৪৫), রফিকুল ইসলাম (৪০), খারজাহান (৩৫), সেলিম শেখ (৩০), মামুন (৪২) ও রুপচান (৩০)। তারা ঢাকা, রংপুর, টাঙ্গাইল ও জামালপুরসহ বিভিন্ন জেলার বাসিন্দা।
রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, “ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দেয়। একজন নিহত হয়েছেন এবং বাকিরা পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।” বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশি টহল জোরদার করা হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ