তুরস্কে সিলিন্ডার গ্যাস লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু

তুরস্কে সিলিন্ডার গ্যাস লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: তুরস্কে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে শ্বাসরুদ্ধ হয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার একই পরিবারের বাবা-ছেলেসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার (৪ মার্চ) তুরস্কের স্থানীয় সময় সকাল আনুমানিক ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর অসুস্থ অবস্থায় তাদের এক স্বজন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা গ্রামের মৃত ইয়াকুব মিয়ার ছেলে তারেক মিয়া (৪৫) ও তার একমাত্র ছেলে সাব্বির (২২)। এই ঘটনায় ফেনী জেলার আরও এক যুবক মারা গেছেন, তবে তার বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। এছাড়া তারেক মিয়ার ভাতিজা লিটন (২৬) আশঙ্কাজনক অবস্থায় তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তারেক মিয়া দীর্ঘ ১৪ বছর ধরে তুরস্কে প্রবাস জীবন অতিবাহিত করছিলেন। বছর দেড়েক আগে তিনি নিজের একমাত্র ছেলেকে সেখানে নিয়ে যান। তারা তুরস্কের একটি ভবনের আন্ডারগ্রাউন্ডের একটি কক্ষে একসাথে বসবাস করতেন। মঙ্গলবার রাতে সেহরি খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে পুরো কক্ষে ছড়িয়ে পড়ে এবং অক্সিজেন স্বল্পতায় তারা শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। সকালে তাদের দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

নিহত সাব্বিরের খালা লুতফা বেগম বলেন, "হঠাৎ এমন দুর্ঘটনায় আমরা বাকরুদ্ধ। সাব্বিরের মা আগেই মারা গেছেন, এখন বাবা-ছেলে দুজনই চলে গেল। পরিবারে এখন শুধু শোকের মাতম। সরকারের সহযোগিতা ছাড়া মরদেহ দেশে আনা আমাদের পক্ষে সম্ভব নয়।"

নিহতদের মরদেহ বর্তমানে তুরস্কের একটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। শোকাতুর পরিবারটি মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও তুরস্কস্থ বাংলাদেশ দূতাবাসের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন