নওগাঁয় সুপারি চোর সন্দেহে গণপিটুনি: একজনের মৃত্যু

নওগাঁয় সুপারি চোর সন্দেহে গণপিটুনি: একজনের মৃত্যু

মাহবুবুজ্জামান সেতু, স্টাফ রিপোর্টার: নওগাঁর মান্দায় সুপারি চোর সন্দেহে গণধোলাইয়ের শিকার হয়ে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার প্রসাদপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রফিকুল ইসলাম উপজেলার মান্দা সদর ইউনিয়নের জিনারপুর গ্রামের মৃত জেহের আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরের দিকে প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা ও আহসান হাবিব শিশু পরিবার চত্বরে সুপারি চুরির সন্দেহে রফিকুলকে আটক করে স্থানীয়রা। এসময় বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন এবং একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে মাদ্রাসার একটি আমগাছের নিচে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

ঘটনার বিষয়ে জানতে প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসার পরিচালক আলহাজ মাওলানা মাসুদুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মাসুদ রানা জানান, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন