বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণ, ৫ দিনেও মেলেনি খোঁজ

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণ, ৫ দিনেও মেলেনি খোঁজ

মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক নবম শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি ওই শিক্ষার্থী। অপহৃত শিক্ষার্থী কুমড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার বাবা বর্তমানে প্রবাসে রয়েছেন।

পরিবারের অভিযোগ, ঝিনাইদহের ডাকবাংলা এলাকার নাথকুন্ডু গ্রামের নাসিরের ছেলে রতন নামের এক যুবক ওই স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। পরিবার ও শিক্ষার্থী ওই প্রস্তাবে রাজি না হওয়ায় রতন পরিকল্পিতভাবে তাকে অপহরণ করে বলে দাবি স্বজনদের।

এ ঘটনায় অপহৃতার দাদা তোরাব আলী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগের ৫ দিন পার হলেও পুলিশ এখনো স্কুলছাত্রীর কোনো সন্ধান দিতে পারেনি।

এদিকে দীর্ঘ সময় পার হলেও প্রিয়জনের খোঁজ না মেলায় পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। দ্রুত ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং অভিযুক্ত রতনসহ জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।

ঝিনাইদহ সদর থানা পুলিশ জানায়, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃতার অবস্থান শনাক্ত ও তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন